হবিগঞ্জ-৪ আসনে হারলেন তাহেরী, দিতে পারলেন না ভোট
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি এসএম ফয়সল ধানের শীষ প্রতীকে জয়লাভ করেছেন।
এদিকে তাহেরীর ভোটার ঠিকানা কুমিল্লার দাউদকান্দি উপজেলায় থাকায় তিনি নিজের ভোট নিজের আসনে দিতে পারেননি।
জানা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সল পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী। মোমবাতি প্রতীক নিয়ে লড়া তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।
এর আগে নির্বাচনি প্রচারে ফ্রিতে ওয়াজের ঘোষণা সত্ত্বেও ভোটে ভরাডুবি হলো মো. গিয়াস উদ্দিন তাহেরীর। বিএনপি প্রার্থী ফয়সলের সঙ্গে ১ লাখ ৩ হাজার ৭৪৯ ভোটের বিপুল ব্যবধানে পরাজিত হন তাহেরি।
এদিকে তাহেরির নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের দেওয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪৬ ভোট। এ আসনে আলোচিত প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে মো. মুজিবুর রহমান (মই) পেয়েছেন ৩২৯ ভোট, মু. রেজাউল মোস্তফা (আপেল) ৪৮৪, মো. রাশেদুল ইসলাম খোকন (ছড়ি) ৪৮৪, শাহ মো. আল আমিন (হারিকেন) ৫৩৬, মো. মিজানুর রহমান চৌধুরী (ঘোড়া) ৬৫২ এবং সালেহ আহমদ সাজন (ফুটবল) পেয়েছেন ৬১৯ ভোট।
এ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৫২ হাজার ৭১১ জন। ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোট পড়েছে ৩ লাখ ১০ হাজার ৯৭টি, যা ৫৬ দশমিক ১০ শতাংশ।
রাজনীতি/আবির




