ইসলামী ব্যাংকসহ চিহ্নিত দলীয় প্রতিষ্ঠান থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ না দিতে বিএনপির প্রস্তাব
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 23 October 2025, 5:41 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখতে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ইসলামী ব্যাংক ও সমমনা প্রতিষ্ঠানের মতো সর্বমহলে দলীয় প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ না দেওয়ার প্রস্তাব জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ৩৬ দফার এক প্রস্তাবনা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে দিয়েছে দলটি।
সেখানে বলা হয়েছে, ‘নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা পোলিং পারসোনাল তথা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলের নিকট চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে না। যেমন- ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ইত্যাদি।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে মঈন খান বলেন, বিতর্কিত কাউকে যেন ভোটের দায়িত্বে নিয়োগ দেওয়া না হয়। এ সময় তার হাতে ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে করণীয় প্রস্তাবসমূহ নির্বাচন কমিশনের সহিত সভার জন্য প্রস্তাবিত কার্যপত্র’ শীর্ষক একটি দলিল দেখা যায়।




