একতরফা নির্বাচন করে সরকার পার পাবে না
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৩, ২:১২ অপরাহ্ণ‘একতরফা’ নির্বাচন করে সরকার পার পাবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান এক নম্বরে এবং উত্তরার জনপদ সড়কে ১৫/২০ জন নেতাকর্মী নিয়ে রাস্তায় নামেন রুহুল কবির রিজভী।
দুই জায়গায় ‘ঝটিকা’ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ‘একতরফা’ নির্বাচনের তফসিল বাতিল ও সরকার পদত্যাগ না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান।
রিজভী বলেন, আজকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আমাদের নেতাকর্মীরা শত বাধা-বিপত্তি-গ্রেফতার-হুলিয়া উপেক্ষা করে রাস্তায় নেমেছেন। আমরা একা নই, জনগণও রাস্তায় নামছে। দূর্জয় সাহস নিয়ে তারা সংগ্রাম করছে, লড়াই করছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।
তিনি বলেন, আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকার যতই নীল-নকশা করুক না কেনো তারা পার পাবে না। অবৈধভাবে ক্ষমতার সিংহাসন থেকে অবশ্যই তাদেরকে নামতে হবে।
বৃহস্পতিবার সকাল ৭টায় প্রথমে গুলশান-১ সড়কে ‘ঝটিকা’ মিছিলে বের করেন রিজভী। ১০ মিনিটের মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হরতাল সফল করার প্রত্যয় ব্যক্ত করে চলে যান তিনি।
সকাল ৮টায় উত্তরার জনপদ সড়কে একইভাবে ৩০/৩৫ জন নেতাকর্মী নিয়ে মিছিল করেন রিজভী।
এসব মিছিলে দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি সহসভাপতি খোন্দকার আকবর হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশনের ডা. শরিফুল ইসলাম, মহানগর উত্তরের নিলুফার ইয়াসমীন নিলু, মোস্তফা জামান, হারুনুর রশীদ, হাজী জহিরুল ইসলাম, নাদিয়া পাপনসহ ছাত্র দল-যুব দলের নেতাকর্মীরা ছিলেন।
সরকারের পদত্যাগ ও একতরফা তফসিল বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপিসহ সমমনা জোটগুলো সকাল-সন্ধ্যা হরতালের এক কর্মসূচি দেয়।
সকালে মতিঝিলে স্বেচ্ছাসেবক দল, বাংলামোটরের কাছে ছাত্রদল, মহাখালীর আমতলীসহ বিভিন্ন সড়কে বিবনেপির ‘ঝটিকা’ মিছিল বের হয়।
রাজনীতি/হান্নান






