‘বিদ্যুৎ জ্বালানি তেলের পর রিজার্ভও শূন্য হবে’
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ণবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রথমে বিদ্যুৎ, এরপর জ্বালানি তেল, তারপর দেখবেন রিজার্ভ শূন্য হচ্ছে। এখন আর অনেক দফা নাই, দফা একটাই। এই সরকারের পদত্যাগ। ’
গ্যাসের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোড শেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে দলের তিন দিনের কর্মসূচির প্রথম দিনে গতকাল শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।
সমাবেশে দেশের অর্থনীতির প্রসঙ্গে তিনি বলেন, ‘পত্রিকায় লেখা হয়েছে দেশে এখন ব্যবহারযোগ্য রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার। এই তথ্যও সঠিক নয়। এখানে আট থেকে ৯ বিলিয়ন ডলার আছে সোনা। আর শুধু ব্যবহার করা যায় এর পরিমাণ বিশেষজ্ঞরা বলছেন ১৬ বিলিয়নের বেশি নয়। ’ দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘আর সময় নেই। এখন জেগে উঠতে হবে। দুর্নীতিবাজ সরকারকে একটা ধাক্কা লাগাতে হবে। ’
আইএমএফের কাছে সরকারের ঋণ চাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘কয়েক দিন আগে অর্থমন্ত্রী বললেন, আমরা আইএমএফ থেকে টাকা ধার নেব না। এই সরকার অনর্গল মিথ্যা কথা বলে, মানুষকে প্রতারণা করে বোকা বানিয়ে রাখে। কিন্তু ভেতরে ভেতরে তারা শূন্য হয়ে গেছে। ’
মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগেও হাতিরঝিলে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা আতশবাজি ফুটিয়েছে। সেখানে বলেছে, শতভাগ বিদ্যুতায়ন হয়ে গেল। লোড শেডিং মুক্ত। আজকে এই শহরে দুই থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ যায়। আর গ্রামে এখন বোরো মৌসুম, যেখানে সবচেয়ে বেশি বিদ্যুৎ প্রয়োজন, সেখানে সাত থেকে আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না। অথচ এই সরকার বিদ্যুতের জন্য হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাঠিয়েছে। ’
রাজনীতি/এ






