হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
মাদক বিক্রিকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর নতুন বাজারে চার গ্রামবাসীর মধ্যে রাতের আধারে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোকজন আহত হয়েছেন। টেঁটাবিদ্ধ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ও ঢাকায় প্রেরণ করা হয়েছে।
রবিবার (৩১ মে) দিবাগত রাত ৯টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৬ জনকে আটক করে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশীয় অস্ত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে মাদক বিক্রি নিয়ে বনদক্ষিণ গ্রামের এক যুবক চরহামুয়া গ্রামের কয়েকজন লোক আটক করে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে একে একে বনদক্ষিন, সুলতানশী, চরহামুয়া ও বনগাও এলাকার লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাতের আধারে টর্চলাইট জ্বালিয়ে শুরু হয় চর্তুথমুখী সংঘর্ষ। ভাংচুর ও লুটপাট করা হয় নতুন বাজারের অন্তত দশটি দোকান। আতংক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সীর নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একদল সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় পুলিশ ৩ রাউন্ড টিয়ারশেল ও ৪ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সোমবার (১ জুন) সকালে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে৷ আমাদের পুলিশের টহল অব্যাহত আছে।




