ছাতকে স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থী
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
ছাতক উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। পুষ্টিকর খাদ্য সরবরাহের কথা থাকলেও বাস্তবে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ খাবার বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকেরা। এতে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে।
উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩২ হাজার ৯২২ শিক্ষার্থীর জন্য গত ৪ এপ্রিল থেকে খাদ্য সরবরাহ শুরু করে ‘হাসান এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, নির্ধারিত খাদ্যতালিকা অনুসরণ করা হচ্ছে না এবং সরবরাহকৃত খাবারের মান নিয়েও রয়েছে প্রশ্ন।
নিয়ম অনুযায়ী সপ্তাহের নির্দিষ্ট দিনে পাউরুটি, দুধ, বিস্কুট, ফল ও ডিম দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক বিদ্যালয়ে দুধ ও ফল অনিয়মিতভাবে দেওয়া হচ্ছে। কোথাও দুই সপ্তাহে একদিন, আবার কোথাও একেবারেই দেওয়া হয়নি। দুধ সরবরাহ করছে ব্র্যাক।
শিক্ষকদের অভিযোগ, অনেক ক্ষেত্রে শক্ত ও মেয়াদোত্তীর্ণ পাউরুটি সরবরাহ করা হচ্ছে। ডিম সিদ্ধ করে দেওয়ার কথা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে কাঁচা ডিম দেওয়া হচ্ছে। প্রতি বিদ্যালয়ে ৪-৫টি করে নষ্ট ডিম পাওয়ার ঘটনাও ঘটছে।
কিছু বিদ্যালয়ের শিক্ষক জানান, নির্ধারিত শিক্ষার্থীর তুলনায় কমসংখ্যক শিক্ষার্থী খাবার পাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দুধ ও কলা সরবরাহ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টদের আশঙ্কা, এতে সরকারি অর্থের অপচয় হচ্ছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করেছে, ডিম সিদ্ধ করার জন্য বিদ্যালয়কে অতিরিক্ত অর্থ দেওয়া হয়। তবে অনেক শিক্ষক সেই অর্থের ব্যবহার করছেন না বলে তাদের বক্তব্য।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আহমদ বলেন, প্রকল্পটি কেন্দ্রীয়ভাবে তদারকি করা হচ্ছে। শুরুতে কিছু ত্রুটি থাকলেও বর্তমানে পরিস্থিতির উন্নতি হচ্ছে। যেসব খাদ্যপণ্য সরবরাহ করা হয়নি, সেগুলোর বিষয়ে তদন্ত করে পরবর্তী বিল অনুমোদন দেওয়া হবে।
এদিকে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষকরা।




