চার প্রকল্পে সিলেটে সাড়ে ১১ কোটি টাকা ক্ষতিপূরণ দিল সরকার
সিকডে
প্রকাশিত হয়েছে : 14 March 2026, 9:19 PM
সিলেটে চারটি সরকারি উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণ করা জমির ক্ষতিগ্রস্ত মালিকদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, ঢাকা (কাঁচপুর)–সিলেট–তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং ১৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন—এই চারটি প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া হয়।
মোট ২১টি চেকের মাধ্যমে ভূমি মালিকদের হাতে ১১ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৬৯৫ টাকা ৬০ পয়সা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ধাপ। ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের যথাযথ ক্ষতিপূরণ দিতে সরকার বদ্ধপরিকর।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিলেট/আবির




