হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশার চালক ও এক নারী যাত্রী রয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশা চালক আক্কাস মিয়া (৪০) ও যাত্রী মনোয়ারা খাতুন (৭০)। আক্কাস মিয়া নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে। মনোয়ারা খাতুন রতনপুর গ্রামের বাসিন্দা এবং মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ড্রামবাহী ট্রাক ফিডার সড়ক থেকে ঢাকা–সিলেট মহাসড়কে ওঠার সময় সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে অটোরিকশাটি ক্ষতিগ্রস্ত হয় এবং এর চালক আক্কাস মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় মনোয়ারা খাতুনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও অটোরিকশাটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
- নীরব চাকলাদার



