সিলেটের বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০২৬, ২:০৮ অপরাহ্ণ
জ্বালানি সংকট ও সরবরাহ ব্যাহত হওয়ায় সিলেট নগরর বাজারে সবজি, মাছ ও মুরগির দাম বেড়েছে। একই সঙ্গে এখনো কাটেনি ভোজ্য তেলের সংকট, যা ভোগান্তিতে ফেলেছে ক্রেতাদের।
শুক্রবার সকালে নগরের বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ক্রেতারা জানান, বাজারে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল প্রায় পাওয়া যাচ্ছে না। এক ও দুই লিটারের বোতলজাত তেলও সব দোকানে মিলছে না। যেসব দোকানে পাওয়া যাচ্ছে, সেখানেও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়ার অভিযোগ রয়েছে।
বিক্রেতারা বলছেন, তারা চাহিদা অনুযায়ী পণ্য অর্ডার দিয়ে পাচ্ছেন না। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।
মাছ-মুরগি ও মাংসের বাজারেও রয়েছে ঊর্ধ্বগতি। ব্রয়লার মুরগি প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা এবং সোনালি মুরগি ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে মাঝারি আকারের রুই ৪০০ থেকে ৪৫০ টাকা, পাঙাস ২২০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া শিং, পাবদা, চিংড়িসহ বিভিন্ন মাছের দামও তুলনামূলক বেশি।
সবজির বাজারেও বেড়েছে দাম। বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ১২০ টাকা, বরবটি ও ঢেঁড়স ১০০ টাকা, কাঁচামরিচ ১২০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে মুদি পণ্যের মধ্যে চালসহ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে।
ক্রেতারা বলছেন, আয় না বাড়লেও পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তারা বাজার নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
অন্যদিকে, বিক্রেতাদের মতে, জ্বালানি সংকট ও সরবরাহ ঘাটতির কারণে পণ্যের দাম বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে দামও কমে আসবে বলে আশা করছেন তারা।
এম এইচ আ




