সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, চলছে প্রস্তুতি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 05 April 2026, 12:56 PM
সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে দেশব্যাপী খেলাধুলাভিত্তিক প্রতিযোগিতার উদ্বোধন করতে আগামী ৩০ এপ্রিল তিনি সিলেটে আসবেন।
জানা গেছে, শিশু-কিশোরদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে সরকার ফুটবল, ক্রিকেট, হকিসহ ৭টি ইভেন্টে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। একই দিনে সারা দেশে প্রতিযোগিতার উদ্বোধন হলেও আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য সিলেটকেই বেছে নেওয়া হয়েছে। ওইদিন সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এর আগে গত ২১ জানুয়ারি সিলেট থেকেই জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়েছে। প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে গত ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
পরদিন ১ এপ্রিল সিলেট সফরে আসেন আমিনুল হক। তিনি সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করে অব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন।
এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকেও প্রস্তুতি শুরু হয়েছে। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানান, কেন্দ্র থেকে এখনো চূড়ান্ত নির্দেশনা না এলেও প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য আয়োজনে বরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলা স্টেডিয়ামের সংস্কার কাজ আগামী ১৫ থেকে ২০ এপ্রিলের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এম এইচ আ




