সিলেটে বাড়ছে হাম সংক্রমণ, আইসোলেশন সেন্টার চালু
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
সিলেট বিভাগে আবারও বাড়তে শুরু করেছে সংক্রামক রোগ হাম। শিশুদের পাশাপাশি তরুণরাও আক্রান্ত হচ্ছেন এই রোগে।
সরকারি হিসাবে, রোববার (২৯ মার্চ) পর্যন্ত হাম রোগের লক্ষণ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় আরও চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, বর্তমানে ভর্তি রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬ জন, মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুজন এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন।
নতুন শনাক্ত চারজনের মধ্যে হবিগঞ্জের চুনারুঘাট, বাহুবল ও মাধবপুর উপজেলায় তিনজন এবং সুনামগঞ্জের ছাতক উপজেলায় একজন রয়েছেন।
হাম আক্রান্তদের চিকিৎসার জন্য সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে বিশেষ আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ মার্চ) চালু হওয়া এই কেন্দ্রে বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান জানান, ভর্তি রোগীদের মধ্যে ১৪ জন শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক। তাঁদের সবার নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক।
স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেটে হাম রোগের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় রোগ নির্ণয়ের জন্য ঢাকার ওপর নির্ভর করতে হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে নমুনা পাঠানো হয় রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, হামের লক্ষণ দেখা দিলে রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ফলাফল পেতে প্রায় সাত দিন সময় লাগে। এ সময় রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।
এম এইচ আ





