সিসিকের ৮২৭ পরিচ্ছন্নতা কর্মী পেলেন প্রধানমন্ত্রীর ঈদ অনুদান
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত হয়েছে : ১৭ মার্চ ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে নগরভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৮২৭ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪১ লাখ ৩৫ হাজার টাকা তুলে দেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিবহন শাখার চালকদের মধ্যেও সিসিকের নিজস্ব তহবিল থেকে ঈদ অনুদান দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী। দেশ-বিদেশ থেকে বিপুলসংখ্যক পর্যটক এখানে আসেন। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করতে প্রতিদিন অসংখ্য মানুষ সিলেটে আগমন করেন। তাই নগরকে পরিচ্ছন্ন ও নান্দনিক রাখতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, সিলেটকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিসিকের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন। এ সময় উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নেহার রঞ্জন পুরকায়স্থ, মো. মাহবুবুর রহমানসহ সিসিকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আবির




