নির্বাচন উপলক্ষে সিলেটে পুলিশের বিশেষ নির্দেশনা
সিকডে
প্রকাশিত হয়েছে : 11 February 2026, 3:40 PM
সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সিলেট মহানগর পুলিশ সাতটি নির্দেশনা জারি করেছে। পুলিশের এই নির্দেশনা যথাযথভাবে পালন করার নির্দেশনা দেয়া হয়েছে। বলা হয়েছে, কেউ পুলিশের নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।
অপরদিকে, ভোটের দিন থেকে শুরু করে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত (ভোটের পর দুই দিন) মাঠে তৎপর থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা মোবাইল কোর্ট পরিচালনা করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।
পুলিশের নির্দেশনা অনুযায়ী, কোনো নির্দিষ্ট নির্বাচনী এলাকার ভোটার অন্য কোনো নির্বাচনী এলাকার কোনো ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করতে পারবেন না। এক্ষেত্রে কোনো ভোটারকে অন্য কোনো নির্বাচনী এলাকার ভোটকেন্দ্রের আশপাশে পাওয়া গেলে তার বিরুদ্ধে নেয়া হবে আইনি ব্যবস্থা।
এছাড়া কোনো ভোটারকে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া এবং ভয়ভীতি প্রদর্শনের তথ্য প্রমাণ পাওয়া গেলে নেয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। ভোট দেয়ার পর ভোটকেন্দ্রের আশপাশে না থাকার জন্য ভোটারদের অনুরোধ জানিয়েছে পুলিশ।
অনুমোদনবিহীন যানবাহন চলাচল সম্পূর্ণ নিষেধ। সেই সাথে নির্বাচনী আইন অনুসারে ভোটারদের মুখমণ্ডল প্রদর্শনের বাধ্যবাধকতা রয়েছে। এক্ষেত্রে নিয়ম মোতাবেক মুখমণ্ডল প্রদর্শন না করে পরিস্থিতি ঘোলাটে কিংবা ভোটে বিঘ্ন সৃষ্টি করা যাবে না।
একই সাথে উস্কানিমূলক কোনো বক্তব্যে কান না দেয়ার পাশাপাশি যাচাইবিহীন কোনো তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা যাবে না। ভোটের দিন সন্দেহভাজন কোনো ব্যক্তি, বস্তু বা পরিস্থিতি লক্ষ্য করলে সাথে সাথে পুলিশ বা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করতে হবে। সেই সাথে নির্বাচনকালীন সার্বক্ষণিক নাগরিক সুরক্ষা পেতে সিলেট মহানগর পুলিশের জরুরি সেবা জিনিয়া অ্যাপ ব্যবহার করা অথবা হটলাইন নম্বরে (০১৩৩৯-৯১১৭৪২) সরাসরি ফোন করা যাবে।
সিলেট সংবাদ/আবির




