ছাতকে জনপ্রতিনিধিদের দ্বন্দ্বে চাকরিচ্যুত শ্রমিক, পাঁচ বছর ধরে মানবেতর জীবন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
সুনামগঞ্জের ছাতক পৌরসভায় সাবেক মেয়র ও এক কাউন্সিলরের দ্বন্দ্বের জেরে তাজ উদ্দিন নামের এক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পাঁচ বছর ধরে চাকরি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি।
তাজ উদ্দিন পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ এলাকার বাসিন্দা। ২০১২ সালে অস্থায়ী ভিত্তিতে মাসিক ৫ হাজার টাকা বেতনে ছাতক পৌরসভায় শ্রমিক হিসেবে যোগ দেন তিনি। দীর্ঘদিন চাকরি করার পর স্থায়ী হওয়ার আশায় দায়িত্ব পালন করে আসছিলেন।
২০২১ সালে পৌরসভায় কর্মচারী নিয়োগ ও পদোন্নতির লক্ষ্যে গঠিত কমিটির অধীনে এমএলএসএস পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হয়ে ওই বছরের ১৬ অক্টোবরের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে নিয়োগ দেওয়া হয় এবং ৩১ অক্টোবরের মধ্যে যোগদানের নির্দেশনা দেওয়া হয়।
কিন্তু যোগদানের প্রায় ২০ দিনের মাথায় পরিস্থিতি বদলে যায়। পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী ও কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকুলির মধ্যে দ্বন্দ্বের জেরে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে অভিযোগ তাজ উদ্দিনের।
ভুক্তভোগীর দাবি, কোনো লিখিত নোটিশ, তদন্ত বা শুনানি ছাড়াই তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় পরিবার নিয়ে চরম সংকটে পড়েছেন তিনি। মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে অভাব-অনটনের মধ্যে দিন কাটছে তার।
তাজ উদ্দিন বলেন, চাকরি ফিরে পেতে দীর্ঘদিন বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধান পাননি। পরে গত বছরের ৪ জুন সুনামগঞ্জের সহকারী জজ আদালতে একটি মামলা করেন তিনি।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়নি; বেআইনিভাবে কর্মস্থল থেকে সরিয়ে রাখা হয়েছে। আয়হীনতার কারণে সন্তানদের পড়াশোনা ও মায়ের চিকিৎসা চালাতে হিমশিম খেতে হচ্ছে বলেও জানান তিনি।
অভিযোগের বিষয়ে সাবেক কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকুলি বলেন, তাজ উদ্দিন তাকে কোনো সহযোগিতা করেননি এবং তাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে সাবেক মেয়র আবুল কালাম চৌধুরী বিষয়টি এড়িয়ে গিয়ে বর্তমান দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্বের বলি হয়ে এক শ্রমিকের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিষয়টির দ্রুত সমাধান ও ন্যায়বিচার প্রত্যাশা করেছেন তারা।
এম এইচ আ




