সাবেক মন্ত্রী দীপু মনিকে ৩ মামলায় শ্যোন অ্যারেস্ট
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন ঘটনায় দায়ের করা তিনটি মামলায় চাঁদপুর আদালতে পতিত আওয়ামী সরকারের সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল মান্নানের আদালতে সাবেক এই মন্ত্রীকে ভার্চুয়ালি হাজির দেখানো হয়।
আদালত থেকে জানা যায়, ২০২৪ সালের জিআর ৫৭৯ মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, জিআর ৫৭১ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাদির শাহ্ ও জিআর ৫৮৫ মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম আসামিকে গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে উপস্থিত ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাদির শাহ্ বলেন, জেলা বিএনপির সভাপতি (বর্তমান এমপি) শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় ২০২৪ সালে ১৮ জুলাই ও ৪ আগস্ট দুইবার ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ১ নম্বর আসামি দীপু মনির ইন্ধনে অন্যান্য আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়।
তিনটি মামলায় আসামি দীপু মনির পক্ষে আদালতে কোন আইনজীবী ছিলেন না।




