সিলেটে ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় চালক কারাগারে
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ
সিলেট নগরীর দক্ষিণ সুরমার বাবনা এলাকায় ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় পিকআপ চালক জুয়েল আহমেদকে (৩৫) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উত্তর জোনের আম্বরখানা–তেমুখী এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। এ সময় সুবিদবাজার এলাকায় একটি পিকআপ দ্রুতগতিতে মদিনা মার্কেটের দিক থেকে আসছিল। কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট গাড়িটি থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন।
পরে ট্রাফিক সার্জেন্ট সত্যজিৎ দাস একটি সিএনজি অটোরিকশায় করে পিকআপটির পিছু নেন। একপর্যায়ে বাবনা পয়েন্ট এলাকায় যানজটের কারণে স্থানীয়দের সহায়তায় পিকআপটি থামানো সম্ভব হয়। এ সময় উত্তেজিত জনতা চালককে মারধর শুরু করলে পুলিশ তাকে উদ্ধার করার চেষ্টা করে। পুলিশের ভাষ্য অনুযায়ী, রাত আনুমানিক ২টার দিকে লাউয়াই পুলিশ বক্সের পেট্রোল টিম ঘটনাস্থলে পৌঁছালে চালক জুয়েল আহমেদ হঠাৎ এএসআই অরুন চন্দ্র কৈরীর গালে ঘুষি মারেন। এ সময় চালকের পক্ষ নিয়ে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে কর্তব্য পালনে বাধা দেন।
পরে আহত চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং এএসআই অরুন চন্দ্র কৈরী সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেন। পুলিশ জানায়, হামলার ঘটনায় জুয়েল আহমেদকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি দক্ষিণ সুরমা থানার খোজারখলা এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সিলেট সংবাদ/আবির





