আমি বললেই গাজায় আবার অভিযান চালাবে ইসরায়েল : ট্রাম্প
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 16 October 2025, 11:26 AM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস যুদ্ধবিরতির শর্ত না মানলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় পুনরায় সামরিক অভিযান শুরু করার অনুমতি দেবেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বুধবার ট্রাম্প বলেন, ‘হামাস নিয়ে যা হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আমি বললেই ইসরায়েলি বাহিনী আবার রাস্তায় নামবে।’
সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হামাস জীবিত ও মৃত সব জিম্মিকে ফেরত দেবে।
শান্তি পরিকল্পনার ষষ্ঠ দফায় বলা হয়েছে, সব জিম্মি ফেরত দেওয়ার পর যারা শান্তিপূর্ণ সহাবস্থানে রাজি ও অস্ত্র সমর্পণ করবে, তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে। আর যারা গাজা ছাড়তে চায়, তাদের নিরাপদে অন্য দেশে যেতে দেওয়া হবে।
হামাস যদি নিরস্ত্র না হয় এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি ভাবছি। আমি বললেই ইসরায়েল আবার রাস্তায় নামবে। তারা চাইলে মুহূর্তেই হামাসকে ধ্বংস করতে পারে।’
তিনি বলেন, ‘আমি ওদের (ইসরায়েলি সেনা ও নেতানিয়াহুর সরকার) অনেক কষ্টে থামিয়েছি। আমার সঙ্গে বিবি’র (নেতানিয়াহু) এ নিয়ে কঠিন কথাবার্তা হয়েছে।’
তবুও ট্রাম্প দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠা নিয়ে আশাবাদী। তার ভাষায়, ‘এই চুক্তির পক্ষে ৫৯টি দেশ আছে। এর আগে এমন কিছু দেখা যায়নি। সবাই এখন আব্রাহাম অ্যাকর্ডসের অংশ হতে চায়। এখন যেহেতু ইরান আর সমস্যা নয়, সবকিছু এগোচ্ছে।’
ট্রাম্প আরো জানান, তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান নিয়েও কাজ করছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার হোয়াইট হাউসে আসবেন বলে জানা গেছে।




