জাতীয় ক্রিকেট লিগে প্রথম ডাবল সেঞ্চুরি অমিতের
সিকডে
প্রকাশিত হয়েছে : 10 November 2024, 8:46 PM
পেসার আব্দুল হালিমের শর্ট বল পুল করলেন অমিত হাসান। উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন বামদিকে ঝাঁপিয়ে বল গ্লাভসবন্দী করতে চাইলেন। কিন্তু নাগালের বাইরের বল কোনোভাবেই আটকাতে পারলেন না।
বল কয়েক ড্রপে পৌঁছে যায় সীমানায়। ১৯৭ রান থেকে অমিতের রান পৌঁছে গেল ২০১ রানে। ডাবল সেঞ্চুরি। চলমান জাতীয় ক্রিকেট লিগে প্রথম ডাবল সেঞ্চুরি আসলো সিলেট বিভাগের অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান অমিত হাসানের ব্যাটে।
কক্সবাজারে খুলনা বিভাগের বিপক্ষে এই ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন সিলেটের ব্যাটসম্যান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অমিত ২১৩ রানে ব্যাটিং করছিলেন। ১৮ চার ও ১ ছক্কায় সাজিয়েছেন এই ইনিংস।




