বন্দরবাজারে আবাসিক হোটেল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার, পাশে পড়ে ছিল তাবিজ ও ঔষধ
সিকডে
প্রকাশিত হয়েছে : 05 September 2023, 6:34 PMসিলেট নগরীর বন্দর বাজারের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে আব্দুর রউফ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫আগস্ট) বিকাল ৪টার দিকে নগরীর বন্দরবাজারের লালবাজারে অবস্থিত আজাদ বোর্ডিং থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রউফ সিলেটের ওসমানীনগরের কুরুয়া বাজার এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুর রউফ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসে আজাদ বোর্ডিং-এ ওঠেন। মঙ্গলবার বিকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উলঙ্গ অবস্থায় মরদেহ দেখতে পায়। মরদেহের পাশে অনেকগুলো তাবিজ ও ঔষধ পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিলেটসংবাদ/হান্নান





