মামলা তদন্তে গতি বাড়ানোর নির্দেশ
সিকডে
প্রকাশিত হয়েছে : 01 August 2023, 11:59 AMবিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল সোমবার সকালে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক (জুন) অপরাধ পর্যালোচনা সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এ নির্দেশনা দেয়া হয়।
সভায় অপমৃত্যু মামলার পেছনে কোনো রহস্য থাকলে গুরুত্বের সঙ্গে সেটি খুঁজে বের করা, সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেয়া, মামলা গুরুত্ব দিয়ে তদন্তের গতি বাড়ানো, নারী ও শিশু নির্যাতন, চুরি ও ডাকাতি মামলা নিষ্পত্তির বিষয়টি উঠে আসে।
অতিরিক্ত আইজিপি (ক্রাইম এন্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অংশ নেন। সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস) মো. আনোয়ার হোসেন, ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব কুমার ভদ্র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপমৃত্যু মামলা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তদন্ত করার নির্দেশ দিয়ে অতিরিক্ত আইজিপি বলেন, অনেক অপমৃত্যু মামলার পেছনে হত্যাকাণ্ড লুকিয়ে থাকে। এজন্য গুরুত্বপূর্ণ মামলা একটি টিমের মাধ্যমে তদন্ত করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সড়ক দুর্ঘটনার প্রতিটি ঘটনা রেকর্ডে নিতে হবে।
কিশোর অপরাধ দমনে প্রোঅ্যাকটিভ পুলিশিংয়ের ওপর গুরুত্বারোপ করে মো. আতিকুল ইসলাম বলেন, কিশোররা যেন কিশোর গ্যাংয়ের নামে অপরাধে জড়িয়ে পড়তে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। সভায় জুন মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।
জাতীয়/হান্নান





