পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
ডেস্ক রিপোর্ট :
প্রকাশিত হয়েছে : 01 June 2026, 1:04 PMপার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। আজ সোমবার (১ জুন) তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, গুরুতর শারীরিক অসুস্থতার কারণে তিনি রাষ্ট্রীয় ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছেন। এ কারণেই তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে এই পদত্যাগপত্র জমা দিয়েছেন।
দীপেন দেওয়ানের আকস্মিক এই পদত্যাগের পর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সাময়িকভাবে কার ওপর ন্যস্ত হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।





