সুনামগঞ্জ হাওরে বোরো কাটার শুরু, বৃষ্টিতে কৃষকের দুশ্চিন্তা
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
সুনামগঞ্জ জেলার দিগন্তজোড়া হাওরাঞ্চলে শুরু হয়েছে আগাম জাতের বোরো ধান কাটার উৎসব। তবে এই উৎসবমুখর আবহের মধ্যেই দেখা দিয়েছে বৃষ্টি ও জলাবদ্ধতার শঙ্কা। একদিকে সোনালী ধান ঘরে তোলার ব্যস্ততা, অন্যদিকে পানিতে তলিয়ে যাচ্ছে আধা-পাকা ফসল—দুই বিপরীত চিত্রে এখন হাওরজুড়ে চলছে কৃষকের হাসি-কান্নার লড়াই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে প্রায় ১৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ইতোমধ্যে বিভিন্ন হাওরে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা বলছেন, ব্রী-২৮ ও ব্রী-৯৬ জাতের ধানে ভালো ফলনের আশা করছেন তারা।
তবে সাম্প্রতিক বৃষ্টিপাতে হাওরের নিচু এলাকায় পানি ঢুকে পড়ায় নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। হালির হাওর, দেখার হাওর ও শিয়ালমারা হাওরসহ বিভিন্ন এলাকায় পানি জমে কিছু জমির ধান তলিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, অনেক ক্ষেত্রে আধা-পাকা ধানই কেটে নিতে হচ্ছে, যা চাল হিসেবে ব্যবহারযোগ্য নয়। এতে লোকসানের মুখে পড়ছেন তারা।
কৃষি বিভাগ জানিয়েছে, পুরোদমে ধান কাটতে আরও কয়েকদিন সময় লাগবে। তবে ঝুঁকি এড়াতে ৮০ শতাংশ ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, হাওরপাড়ের মানুষের চোখ এখন আকাশের দিকে। কয়েকদিন আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা সোনালী ফসল ঘরে তুলতে পারবেন। অন্যথায় আগাম বন্যা এলে ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে।
এম এইচ আ




