শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ণ
শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের উথারিয়া ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ক্ষতিগ্রস্ত অংশ সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলাবদ্ধতা নিরসনের জন্য আস্তমা গ্রামের কয়েকজন কৃষক প্রশাসনকে অবহিত না করেই বাঁধের একটি অংশ কেটে দেন। এতে বাঁধটি দুর্বল হয়ে পড়েছে এবং আগাম বন্যার ঝুঁকি বেড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মো. সামদ্দোহা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া বাঁধ কাটা একটি শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও সতর্ক করে বলেন, আগাম বন্যায় বাঁধের ক্ষতি হলে দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
এ সময় তিনি পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনকে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে কাটা অংশ দ্রুত মেরামত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
জেলা প্রশাসক আরও জানান, দেখার হাওরের পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য উথারিয়া বা সুবিধাজনক স্থানে একটি স্লুইসগেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এতে ভবিষ্যতে কৃষকরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এম এইচ আ





