সুনামগঞ্জের হাওরে শুরু হয়েছে ধান কাটা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
সুনামগঞ্জের হাওরাঞ্চলে বিচ্ছিন্নভাবে বোরো ধান কাটা শুরু হয়েছে। স্থানীয় কৃষকদের মতে, আগাম পাকা দেশি প্রজাতির ধান এখন কাটা হচ্ছে। তবে আগামী সপ্তাহ থেকে পুরোদমে ধান কাটার কাজ শুরু হবে।
কৃষি বিভাগ জানিয়েছে, বুধবার পর্যন্ত জেলায় প্রায় ৫৫ হেক্টর জমির ধান কাটা হয়েছে। চলতি মৌসুমে সুনামগঞ্জ জেলায় মোট ২ লাখ ২৩ হাজার ৫১১ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় ১ লাখ ৬৫ হাজার ২৭৫ হেক্টর এবং নন-হাওরে ৫৮ হাজার ২৩৬ হেক্টর জমি রয়েছে।
কৃষি সংশ্লিষ্টরা আশা করছেন, সব ফসল ঘরে উঠলে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার ধান উৎপাদন হতে পারে।
তবে গত মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। সরকারি হিসেবে ১২১ হেক্টর জমি শিলাবৃষ্টিতে এবং ৩ হাজার ১৮৯ হেক্টর জমি জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও স্থানীয় কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতির পরিমাণ আরও বেশি।
শাল্লা উপজেলার মনুয়া গ্রামের কৃষক মো. একরামুল হোসেন বলেন, ‘হাইব্রিড ও উন্নত জাতের ধান ভালো ফলন দিয়েছে। তবে আগাম কাটা দেশি ধানের ফলন তুলনামূলক কম। যদি আবহাওয়া অনুকূলে থাকে, তাহলে এবার ভালো ফলন পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ধান কাটার মৌসুমে শ্রমিক ও হারভেস্টার যন্ত্রের পর্যাপ্ততা নিশ্চিত করা জরুরি।
কৃষকদের ভাষ্য, জগন্নাথপুর, শাল্লা, জামালগঞ্জ ও ধর্মপাশাসহ বিভিন্ন হাওরে প্রতিদিনই কিছু কিছু জমির ধান কাটা হচ্ছে।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ওমর ফারুক বলেন, ‘এখন বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে। আগামী সপ্তাহ থেকে পুরোদমে কাটা শুরু হবে। আবহাওয়া ভালো থাকলে এবারও বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।’
এম এইচ আ





