কোম্পানীগঞ্জ সীমান্তে গুলিতে যুবক নিহত, মরদেহ এখনও ভারতে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২৬, ১:২১ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়াদের গুলিতে সাদ্দাম হোসেন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। তবে ঘটনার চার দিন পেরিয়ে গেলেও তার মরদেহ এখনো ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে।
এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) কোম্পানীগঞ্জ থানায় নিহতের স্ত্রী তসলিমা বেগম একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সেখানে তিনি অভিযোগ করেন, তার স্বামীকে গুলি করে হত্যার পর মরদেহ ভারতেই রাখা হয়েছে।
নিহত সাদ্দাম হোসেন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের লামাগ্রামের বাসিন্দা কুটু মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, সাদ্দামসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে প্রবেশ করলে খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সাদ্দাম নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১ এপ্রিল) দুপুরে সীমান্তের ১২৪৭ নম্বর পিলারের প্রায় ৬০০ গজ ভেতরে ভারতের রাজনটিলা এলাকায় সুপারি আনতে যান সাদ্দাম ও তার সঙ্গীরা। এ সময় খাসিয়াদের গুলিতে সাদ্দাম নিহত হন এবং তার সঙ্গী ফরহাদ মিয়া আহত হন। পরে অন্যরা আহত ফরহাদকে বাংলাদেশে নিয়ে আসেন।
বর্ডার গার্ড বাংলাদেশ-এর সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাজমুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
পরিবারের দাবি, নিহত সাদ্দামের মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
এম এইচ আ




