মাধবপুরে ফেরদৌস হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : 05 April 2026, 12:19 PM
হবিগঞ্জের মাধবপুরে বহুল আলোচিত ‘ফেরদৌস মিয়া’ হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৩ এপ্রিল) পৃথক অভিযানে ঢাকা ও খুলনা থেকে তাদের আটক করা হয়।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহত ফেরদৌস মিয়া (২৫) মাধবপুর উপজেলার বারাচান্দুরা গ্রামের সমসু মিয়ার ছেলে। পারিবারিক কলহের জেরে গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে তার বসতঘরে ঢুকে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় আসামিরা। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের পিতা বাদী হয়ে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে আসামিদের গ্রেফতারে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং র্যাব-১ এর যৌথ দল শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ মজিদ মিয়া (২০)-কে গ্রেফতার করে। সে আন্দিউড়া ইউনিয়নে বারাচান্দুরা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।
অন্যদিকে, একই দিন রাতে র্যাব-৯ ও র্যাব-৬ এর আরেকটি যৌথ দল খুলনার দৌলতপুর থানার নতুন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার অপর আসামি মোঃ আব্দুল করিম (২৮)-কে গ্রেফতার করে। সে মাধবপুর পৌরসভার গুমুটিয়া গ্রামের মোঃ আবু মিয়ার ছেলে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।




