দক্ষিণ সুরমায় ৫৩ বছরের পুরোনো কবর স্থানান্তর
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০২৬, ৯:১১ অপরাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা-এর মোগলাবাজার এলাকায় প্রায় ৫৩ বছর পুরোনো কয়েকটি কবর স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বাদ জুম্মা মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর এলাকায় মসজিদ ও মাদ্রাসা নির্মাণের লক্ষ্যে এ কার্যক্রম শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোট ৭টি কবরের মধ্যে ইতোমধ্যে ২টি কবর স্থানান্তর করা হয়েছে এবং বাকি কবরগুলো পর্যায়ক্রমে স্থানান্তরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসীর দাবি, জাতীয় পার্টির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমানের ছোট ভাই, যুক্তরাষ্ট্র প্রবাসী জুবেদুর রহমান মসজিদ ও মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেন। এ জন্য নির্ধারিত স্থানে থাকা পুরোনো কবরগুলো সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হঠাৎ করে এই সিদ্ধান্তে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিস্ময় দেখা দিয়েছে। প্রায় অর্ধশতাব্দীর বেশি সময় ধরে থাকা এসব কবর স্থানান্তরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় মতবিরোধ তৈরি হয়েছে।
মৃত আব্দুল হান্নানের ছেলে তোফায়েল আহমদ মুক্তা বলেন, “আমার বাবার কবর এভাবে সরিয়ে ফেলা হবে, তা আমরা কখনো ভাবিনি। আমাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।”
স্থানীয়দের একটি অংশ মনে করছেন, ধর্মীয় ও সামাজিক সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় রেখে কবর স্থানান্তরের আগে সংশ্লিষ্ট পরিবারের মতামত নেওয়া এবং যথাযথ নিয়ম অনুসরণ করা উচিত ছিল।
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অনেকেই।
এম এইচ আ




