পাওনা টাকা নিয়ে শাল্লায় চেয়ারম্যান–মেম্বারের মারামারি
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ণ
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান ও এক ইউপি সদস্যের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে চেয়ারম্যান আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছিলেন চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু। এ সময় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সহদেব দাস তার কাছে পাওনা টাকা দাবি করেন। চেয়ারম্যান বিষয়টি পরে বসে সমাধানের প্রস্তাব দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মধু দাস ও আলমাছ মিয়া বলেন, সহদেব দাস টাকা নিয়ে কথা বলতে গিয়ে উত্তেজিত হয়ে চেয়ারম্যানকে কিল-ঘুষি মারেন। পরে অন্য সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু দাবি করেন, তিনি শান্তভাবে বিষয়টি মীমাংসার কথা বললেও সহদেব দাস উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শাল্লা হাসপাতালে ভর্তি করা হয়।
অন্যদিকে ইউপি সদস্য সহদেব দাস অভিযোগ করেন, তিনি প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা পাওনা দাবি করলে চেয়ারম্যান উল্টো তার ওপর হামলা চালান। চেয়ারম্যানের লোকজন তাকে মারধর করে আহত করে বলেও অভিযোগ করেন তিনি। নিরাপত্তাজনিত কারণে তিনি সিলেটে চিকিৎসা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এম এইচ আ





