বগুড়ায় নাতনির ওজন সমান কয়েন উপহার দিলেন নানা
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : 29 March 2026, 12:59 PM
জন্মের পর থেকেই নাতনি নাইমা খাতুনকে তার শরীরের ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার বাসনা ছিল নানা আব্দুল কাদের প্রামাণিকের। আর্থিক সীমাবদ্ধতায় তা হয়ে উঠছিলো না। অবশেষে নাইমার বিয়ের দেড় বছর পর সেই স্বপ্ন বাস্তবায়ন করলেন তিনি।
শুক্রবার (২৭ মার্চ) রাতে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বিয়ে বাড়ির আদলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাড়িপাল্লার একপাশে নাতনি নাইমাকে অন্যপাশে কয়েনের স্তূপ উঠিয়ে ওজন করা হয়। নাইমার ওজনের সমপরিমাণ হওয়ার পর তাকে সেই কয়েন উপহার দেন আব্দুল কদের।
পরিবার সূত্রে জানা গেছে, বড় মেয়ের ঘরে প্রথম নাতনির জন্মের পর থেকেই আব্দুল কাদের ও তার স্ত্রী নাতনির ওজনের সমপরিমাণ কয়েন উপহার দেওয়ার ইচ্ছা পোষণ করতেন। আর্থিক সীমাবদ্ধতার কারণে তখন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় ধরে মাটির ব্যাংকে ধীরে ধীরে কয়েন জমাতে থাকেন আব্দুল কদের। নাতনির বিয়ের প্রায় দেড় বছর পর সেই ইচ্ছা পূরণ করেন তিনি। নাতনিকে দেওয়া কয়েনগুলোর মধ্যে বেশির ভাগই ৫ টাকার।
আব্দুল কাদের প্রামাণিক জানান, একটি পত্রিকায় প্রকাশিত অনুরূপ একটি ঘটনা দেখে তিনি অনুপ্রাণিত হন। এরপর থেকেই তিনি পরিকল্পনা অনুযায়ী কয়েন জমাতে শুরু করেন।
নাতনি নাইমা খাতুন বলেন, “নানি বেঁচে থাকলে আনন্দটা আরো বেশি হতো। নানা-নানির ইচ্ছা পূরণ হওয়ায় আমি খুবই আনন্দিত।”
স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, “এমন ঘটনা আগে শুধু শুনেছি, কিন্তু নিজের চোখে কখনো দেখিনি। বিষয়টি ভালো লেগেছে।”
এম এইচ আ




