জগন্নাথপুরে মসজিদে চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি মসজিদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তালা ভেঙে মসজিদের মাইক, আইপিএস ও সৌরবিদ্যুতের সরঞ্জামসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। শনিবার গভীর রাতে উপজেলার চিলাউড়া ইউনিয়নের ইসমাইল চক মাঝপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে এশার নামাজ শেষে মুসল্লিরা বাড়ি চলে যান। রোববার ভোরে ফজরের আযান দিতে গিয়ে মসজিদের ইমাম প্রধান ফটকের তালা ভাঙা দেখতে পান। ভেতরে গিয়ে দেখা যায়, মসজিদের অভ্যন্তরীণ দরজার তালাও ভাঙা। পরে দেখা যায়, মসজিদের মাইকের সেট, আইপিএস, সৌরবিদ্যুতের প্যানেল, ব্যাটারি ও মাইকের মাউথসহ গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক সরঞ্জাম চুরি হয়ে গেছে।
চুরির খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। মসজিদের মোতাওয়াল্লী জানান, এর আগেও একই মসজিদে দুবার চুরির ঘটনা ঘটেছে। প্রতিবারই প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দুর্বৃত্তরা সহজেই ভারী সরঞ্জাম খুলে নিয়ে যেতে সক্ষম হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, মসজিদের মতো পবিত্র স্থানেও যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়—এ প্রশ্ন এখন সবার মনে।
ঘটনার নিন্দা জানিয়ে এলাকাবাসী দ্রুত চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে এমন ঘটনা বাড়তে পারে।
এম এইচ আ





