সিলেটে নির্মিত হচ্ছে সর্ববৃহৎ হনুমান জি’র প্রতিমা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
সিলেট নগরের ঐতিহ্যবাহী দাঁড়িয়াপাড়া এলাকায় শ্রী শ্রী মদনগোপাল জিউর আখড়া প্রাঙ্গণে নির্মাণ করা হচ্ছে ১৩ ফুট উচ্চতার একটি হনুমানজির প্রতিমা। ব্যতিক্রমী এ উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
আয়োজকেরা জানান, আগামী ১ এপ্রিল পূজা ও মহোৎসব অনুষ্ঠিত হবে। এর আগে ৩১ মার্চ শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের কার্যক্রম শুরু হবে। পূজার দিন সকাল ৯ টায় মঙ্গলঘট স্থাপন, ১০টায় অঞ্জলি প্রদান এবং দিনব্যাপী ভক্তিমূলক সংগীত, গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক আয়োজন রয়েছে।
প্রতিমাটি নির্মাণ করছেন প্রতিমাশিল্পী দুলাল পাল। তাঁর পারিবারিক প্রতিষ্ঠান ‘বল্লভ নারায়ণ মৃৎশিল্পালয়’ দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী প্রতিমা নির্মাণের সঙ্গে যুক্ত। আয়োজকদের দাবি, প্রতিমাটি আকারের পাশাপাশি নান্দনিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের দিক থেকেও অনন্য হয়ে উঠছে।
মন্দির কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিমার গঠনশৈলীতে হনুমানজির শক্তি, ভক্তি ও আত্মনিবেদনের প্রতীকী রূপ ফুটে উঠছে। তাঁর হাতে গদা ও দৃঢ় ভঙ্গিমা ভক্তদের কাছে অনুপ্রেরণা জোগাবে।
আয়োজকদের ধারণা, এ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২৫ হাজার ভক্তের সমাগম হতে পারে। এতে সিলেটের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিমণ্ডলে একটি উল্লেখযোগ্য আয়োজন হিসেবে এটি স্থান পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়রা বলছেন, এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়; বরং ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রয়াস।
এম এইচ আ




