ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ ইঙ্গিত ট্রাম্পের
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৬, ১:৪১ অপরাহ্ণ
চলমান ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুক্তরাষ্ট্র তার সামরিক লক্ষ্য পূরণের কাছাকাছি পৌঁছে গেছে এবং এখন ‘আমরা আমাদের বড় সামরিক প্রচেষ্টা ধীরে ধীরে গুটিয়ে আনার বিষয়টি বিবেচনা করছি’।
নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।
এই মন্তব্যকে চলমান যুদ্ধ শিগগিরই শেষ করার সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। পরে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লিভিট জানান, ‘এই মিশন সম্পন্ন করতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে’- আগে থেকেও এমনটাই ধারণা করা হয়েছিল।
এদিকে বৈশ্বিক জ্বালানির বাজারে চাপ কমাতে ইরানি তেলের ওপর কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০ মার্চের আগে জাহাজে তোলা ইরানি অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছে, যা ১৯ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেন, তার দেশ শত্রুদের ওপর ‘মাথা ঘুরিয়ে দেওয়ার মতো আঘাত’ হেনেছে। এর পরপরই ইরান সৌদি আরব ও ইসরায়েলের ওপর নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
জবাবে শনিবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে ‘সরকারি লক্ষ্যবস্তুতে’ পাল্টা হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে করে পুরো অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং যুদ্ধ পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান, ওয়াল স্ট্রিট জার্নাল




