প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা নারী দল
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সফরের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল ঢাকায় পৌঁছাবে লঙ্কানরা। সেদিনই তারা চলে যাবে রাজশাহীতে। ১৮ ও ১৯ এপ্রিল অনুশীলনের পর ২০ এপ্রিল রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ২২ ও ২৫ এপ্রিল। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে।
ওয়ানডে সিরিজ শেষে ২৬ এপ্রিল দুই দল যাবে সিলেটে। সেখানে ২৮ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৩০ এপ্রিল ও ২ মে। এই ফরম্যাটের সব কটি ম্যাচই হবে ফ্লাডলাইটের নিচে, সন্ধ্যা ৬টা থেকে। সফর শেষ করে ৩ মে ঢাকা ছাড়বে শ্রীলঙ্কা নারী দল।
ক্রীড়াঙ্গন/আবির




