সিলেটে বিশ্ব কিডনি দিবস পালন
সিকডে
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে বিশ্ব কিডনি দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির আয়োজন করা হয়।
‘সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণীরে’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় নগরের বাদাঘাট রোডের তেমুখী নাজিরগাঁও এলাকায় অবস্থিত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, কিডনি রোগ অনেক সময় নীরবে অগ্রসর হয় এবং প্রাথমিক পর্যায়ে তেমন কোনো উপসর্গ দেখা যায় না। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কিডনি সুস্থ রাখতে ভেজালমুক্ত খাদ্য গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ এবং উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটের নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব, নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. ফাতেমা খানম, পরিচালক (প্রশাসন) সৈয়দ সাদেক হোসেনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও চিকিৎসকেরা।
এদিকে দিবসটি উপলক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, কিডনি রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা এবং চিকিৎসকদের পরামর্শ দেওয়া হয়।
সিলেট সংবাদ/আবির





