ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ণ
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা আজ শনিবার পর্যন্ত অষ্টম দিনে গড়েছে। দেশ দুটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। এর ধারাবাহিকতায় ইরানে আজ রাতেই এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ কর্মসূচি পরিচালিত হবে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী বলেছেন, আজ রাতে ইরানের ওপর ‘আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হবে।
স্কট বেসেন্ট জানান, মার্কিন এ হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর ‘সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হবে’। তিনি আরও বলেন, ‘আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি।’
এ সময় ইরানের বিরুদ্ধে ‘অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার’ অভিযোগ আনেন বেসেন্ট। এ প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত সপ্তাহে তেহরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরুর পর ইরানে এখন পর্যন্ত তিন হাজারের বেশি স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুক্রবার সেন্ট্রাল কমান্ড বলেছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল স্থাপনা, আইআরজিসির কমান্ড সেন্টার, সামরিক যোগাযোগ কেন্দ্রে ব্যাপক হামলা চালানো হয়েছে। চলমান অভিযানে ইরানের ৪৩টি জাহাজ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, দেশটিতে প্রথম দফায় চালানো হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির অন্তত ৪৯ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন।




