কুয়েতে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: প্রতিরক্ষা মন্ত্রণালয়
অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ২:২৩ অপরাহ্ণ
কুয়েতে আজ সোমবার সকালে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণলায়। খবর আল-জাজিরার।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, বিমানের ক্রুরা অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে নিশ্চিত করা হয়েছে।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই ‘ঘটনার প্রেক্ষাপট’ নিয়ে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
ইরাকে কাতায়েব হিজবুল্লাহর ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে জুরফ আল-সাখর এলাকায় ইরান-সমর্থিত আধাসামরিক গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি ও মার্কিন বাহিনী যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।
এই হামলায় ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যার মধ্যে যানবাহন, সামরিক স্থাপনা এবং গুদামঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো বাগদাদে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছোড়ার পর এই হামলার ঘটনা ঘটলো।
কুয়েতে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
কুয়েতের আল জাহরা শহরের কাছে যুক্তরাষ্ট্রের একটি ‘এফ-১৫ই স্ট্রাইক ইগল’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খবর তুর্কি টুডের।
দুর্ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওগুলোতে দেখা গেছে, আল জাহরার পশ্চিমে একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল মাটিতে আছড়ে পড়ছে। আকাশে সাদা ধোঁয়া দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে যে, বিমানটি ‘ফ্রেন্ডলি ফায়ার’ (নিজেদের বা মিত্রশক্তির ভুল হামলা) এর শিকার হতে পারে।
পাইলট এবং ওয়েপন সিস্টেম অফিসার দুজনেই বেঁচে গেছেন বলে মনে করা হচ্ছে। ফুটেজে দেখা গেছে, বিমান থেকে ইজেক্ট করার পর একজন ক্রু সদস্য প্যারাসুট দিয়ে নিচে নেমে আসছেন।
দুর্ঘটনাটি যান্ত্রিক ত্রুটির কারণে নাকি অন্য কোনো হামলায় হয়েছে, তা এখনও জানা যায়নি। এই ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।
ইরাকের এরবিলে শক্তিশালী বিস্ফোরণ
ইরাকের কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী এরবিলে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আল-জাজিরার। শহরটি বর্তমানে ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হচ্ছে।
ইরাকি বিমান প্রতিরক্ষা বাহিনী সক্রিয় রয়েছে এবং এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার চেষ্টাকারী ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো প্রতিহত করার চেষ্টা করছে।
এর আগে গতকাল রবিবার ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠী এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। ইরানও মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর থেকে মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ইরানের সানান্দাজ শহরে মার্কিন-ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের মধ্যাঞ্চলীয় শহর সানান্দাজে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। খবর আল-জাজিরার।
সোমবার ( ২ মার্চ) ইরানের প্রভাবশালী সংবাদমাধ্যম ফারস জানায়, সানান্দাজে একটি ‘শত্রুপক্ষীয় হামলায়’ অন্তত দুজন নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, শহরটিকে লক্ষ্য করে শত্রু বাহিনী ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং শহরের পুলিশ স্টেশনের পাশে থাকা বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।
বার্তা সংস্থা তাসনিম-এর খবর বলা হয়, মার্কিন ও ইসরায়েলি বাহিনী শহরের ঘনবসতিপূর্ণ এলাকাসহ বিভিন্ন স্থানে মোট ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ
কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় বিস্ফোরণের ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। কুয়েতে গত কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় বিমান হামলার সাইরেন বাজার পর এই ঘটনাটি ঘটল।
এদিকে আল-জাজিরা জানিয়েছে, কুয়েত সিটির কাছে অবস্থিত মিনা আল আহমাদি কারখানায় ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ এসে পড়েছে, এতে দুজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।
দোহায় ব্যাপক বিস্ফোরণের শব্দ
কাতারের রাজধানী দোহায় অন্তত আধা ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা ইরানি হামলার ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে। খবর আলজাজিরার।
হঠাৎ পরপর বিস্ফোরণের শব্দে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের উৎস বা সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
গতকাল শনিবারও দোহায় অন্তত ১১টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাইপ্রাসে অবস্থিত তাদের আক্রোটিরি সামরিক ঘাঁটিতে একটি সন্দেহভাজন ড্রোন আঘাত হেনেছে। তারা জানিয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং রবিবার মধ্যরাতে এই হামলাটি ঘটে। খবর আল-জাজিরার।
মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের সামরিক কার্যক্রম পরিচালনার প্রধান কেন্দ্র হলো এই আক্রোটিরি ঘাঁটি। সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের ওপর হামলার উদ্দেশ্যে যুক্তরাজ্যের ঘাঁটিগুলো ব্যবহারের মার্কিন অনুরোধে সম্মতি দেওয়ার পরেই এই ড্রোন হামলার ঘটনা ঘটল।
সাইপ্রাস সরকার নিশ্চিত করেছে, একটি চালকবিহীন ড্রোন ব্যবহার করে হামলা হয়েছে এবং এর ফলে ‘সামান্য ক্ষয়ক্ষতি’ হয়েছে। সাইপ্রাস সরকারের মুখপাত্র কনস্ট্যান্টিনোস লেটিম্বিওটিস জানান, সরকার যুক্তরাজ্যের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
বাগদাদের জুরফ আল-সাখর এলাকায় বিমান হামলা
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে অবস্থিত জুরফ আল-সাখর এলাকায় একটি বিমান হামলার ঘটনা ঘটেছে। খবর আলজাজিরার।
তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি বলে সূত্রগুলো জানিয়েছে।
তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা চালাচ্ছে। ইরানের নূর নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আধা ঘণ্টা আগে জানায়, ইরানের রাজধানী তেহরানের পূর্ব ও পশ্চিমের বিভিন্ন এলাকায় ‘একটানা বিস্ফোরণ’ শোনা যাচ্ছে।
হামলার কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। সোমবার (২ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ জানায়, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানবাহিনী এখন তেহরানের কেন্দ্রস্থলে ইরানি শাসকগোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোতে আরেক দফা হামলা শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমাদের সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত’ ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধ অভিযান’ অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক/আবির




