কুয়েতে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ২:১৮ অপরাহ্ণ
কুয়েতে মার্কিন দূতাবাসের কাছাকাছি এলাকায় বিস্ফোরণেরর পর ধোঁয়া উড়তে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে ডয়চে ভেলে। কুয়েতে গত কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় বিমান হামলার সাইরেন বাজার পর এই ঘটনাটি ঘটল।
এদিকে, ওই বিস্ফোরণের পর কুয়েতের মার্কিন দূতাবাসে বা এর কাছাকাছি না আসার জন্য দেশটিতে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। এক বার্তায় কুয়েতের মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপদ স্থানে বা নিজ বাড়িতে সবচেয়ে নিচ তলায় বা মাটির নিচে বাঙ্কারে অবস্থান করতে, ঘরে থাকলে জানালার কাছ থেকে দূরে থাকতে। সেইসঙ্গে মিসাইল হামলার আশঙ্কা থাকায় কুয়েতের মার্কিন দূতাবাস থেকে দূরে অবস্থান করতেও বলা হয়েছে।
এদিকে আল-জাজিরা জানিয়েছে, কুয়েত সিটির কাছে অবস্থিত মিনা আল আহমাদি কারখানায় ক্ষেপণাস্ত্রের কিছু ধ্বংসাবশেষ এসে পড়েছে, এতে দুজন শ্রমিক সামান্য আহত হয়েছেন।
আন্তর্জাতিক/আবির




