রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
চলতি রমজানে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ও স্বাস্থ্যনিরাপত্তা ব্যবস্থায় বিশেষ এই পরিকল্পনা নেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় হয়। তাই নির্ধারিত পথ, সাইনবোর্ড ও নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া পানিশূন্যতা এড়ানো, বিশ্রাম নেওয়া, অগ্নিনিরাপত্তা বিধি মানা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বিক্রি ও চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।





