শিগগিরই ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে: সহকারী হাই কমিশনার
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
শিগগিরই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস।
তিনি জানান, এ ব্যাপারে ইতোমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের চিন্তা-চেতনা এক। দুই দেশ তাদের সংস্কৃতি অতীতকাল থেকে ধারণ করে আসছে। আমরা একসাথে কাজ করতে চাই। ভারত-বাংলাদেশ সম্পর্ক একসাথে দাঁড়িয়ে আছে।
অনিরুদ্ধ দাস আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক দাঁড়িয়ে আছে। দুই দেশের জনগণই হবে স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, দীর্ঘমেয়াদি ও উভয়ের জন্য লাভজনক সম্পর্কের মূল অংশীদার।
তিনি বলেন, দুই দেশের সম্পর্ককে আরও জোরদারে ভিসা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সিলেটের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-সংস্কৃতি বিনিময় ও কানেক্টিভিটি নিয়ে সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
এ ছাড়া ভারতীয় সরকারের ‘এইড টু বাংলাদেশ’ এবং ‘এলওসি’ প্রকল্পের মাধ্যমে সিলেটের আর্থ-সামাজিক উন্নয়নে প্রকল্প গ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা দুই দেশের ঐতিহাসিক বন্ধনকে আরও সুদৃঢ় করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে ফলপ্রসূ করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ডেইলি নিউ এজ’এর স্টাফ করেসপন্ডেন্ট মনিরুজ্জামান মনির।
সভায় ভারতীয় সহকারী হাই কমিশনের প্রেস-ইনফরমেশন-শিক্ষা-কালচার সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের উপদেষ্টা সম্পাদক আল আজাদ, দৈনিক উত্তরপূর্ব’র নির্বাহী সম্পাদক ও সাবেক সভাপতি তাপস দাস পুরকায়স্থ, দৈনিক দেশবার্তা সিলেট ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, ইউএনবি’র সিলেট প্রতিনিধি ও ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, দৈনিক সমকালের সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, দৈনিক আধুনিক কাগজের প্রধান সম্পাদক ও প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, বিজনেস স্ট্যান্ডার্ডের সিলেট প্রতিনিধি দেবাশীষ দেবু, চ্যানেল আই’য়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সিলেট সংবাদ/আবির





