হাসনাতের আসনে ভোট বর্জনের ঘোষণা ট্রাক প্রতীকের প্রার্থীর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিমউদ্দীন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে ফেসবুক লাইভে তিনি এ ঘোষণা দেন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
ফেসবুক লাইভে ভোট বর্জনের ঘোষণা দিয়ে জসিমউদ্দীন অভিযোগ করেন, ‘এই আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটকারচুপি করা হয়েছে। কেন্দ্রগুলোতে ব্যালট ছিনতাই, নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত ও বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং জাল ভোট দেওয়া হচ্ছে। টাকা দিয়ে ভোট কিনছে। আজ তারা নিজেরা নিজেরা ভোট কাটছে।’
প্রশাসনের কাছ থেকে কোনোরকম সহযোগীতা পাননি বলে ফেসবুক লাইভে অভিযোগ করেন তিনি। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে দাবি করেন তিনি। তাই এমন পরিস্থিতিতে জনগণের সার্বিক দিক বিবেচনা করে তিনি ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।





