প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জনের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। এর মধ্যে শেখ হাসিনার ১০ বছর, তার বোন শেখ রেহানার সন্তান টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের চার বছর, রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীর সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম দুই মামলার রায় ঘোষণা করেন। একইসঙ্গে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীর নামে বরাদ্দকৃত প্লট বাতিল করতে রাজউককে নির্দেশ দেন আদালত।
রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে, পৃথক এক মামলায় রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা হক সিদ্দিক রূপন্তীর সাত বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের সাজা দেয়া হয়েছে। দুই মামলায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের চার বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সাজা হয়েছে। এছাড়া দুই মামলায় শেখ হাসিনাসহ ১২ জনের ১০ বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সাজা দেয়া হয়েছে।
শেখ হাসিনা বাদে অন্যরা হলেন- সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিন, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ে সাবেক প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারীসচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন) কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক সহকারি পরিচালক মাজহারুল ইসলাম, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন এবং সাবেক সদস্য মেজর (ইঞ্জিনিয়ার) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.)।
পৃথক এক মামলায় ছয়জনের ৫ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আসামিরা হলেন-রাজউকের সাবেক পরিচালক কামরুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. অলিউল্লাহ, সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মো. নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ে সচিব শহীদ উল্লা খন্দকার, সাবেক পরিচালক শেখ শাহিনুল ইসলাম ও সাবেক সহকারি পরিচালক ফারিয়া সুলতানা। তবে কারাগারে আটক রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমের দুই মামলায় এক বছর করে দুই বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।এদিন সকাল ১১ টা ৩৯ মিনিটে কারাগারে আটকা থাকা খুরশীদ আলমকে পুলিশ প্রহরায় আদালতে তোলা হয়।
পরে ১২ টা ৬ মিনিট বিচারক এজলাসে উঠেন। ১২ টা ৮ মিনিটে বিচারক রায় পড়া শুরু করেন। রায় ঘোষণা শেষে ১২ টা ৩৭ মিনিটে বিচারক এজলাস থেকে নেমে যান। পরে পুলিশ প্রহরায় খুরশীদ আলমকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।দুই মামলার সূত্রে জানা গেছে, পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার পৃথক দুটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে রূপন্তীসহ ১৬ জন এবং ববিসহ ১৬ জনের নামে দুটি মামলা করে দুদক।
তদন্ত শেষে দুই মামলায় ওই বছরের ১০ মার্চ সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন উদ্দিনসহ ১৮ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ পত্র জমা দেয় দুদক। পরে একই বছরের ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ১৩ জানুয়ারি রূপন্তীসহ ১৮ জনের মামলার রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। পরবর্তীতে গত ১৮ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে ববিসহ ১৮ জনের মামলার রায়ের জন্যও ২ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়। এর আগে দুদকের করা আরও চারটি মামলার বিচার শেষে শেখ হাসিনার ২৬ বছর এবং পৃথক এক মামলায় সজীব ওয়াজেদ জয়ের পাঁচ বছর, সায়মা ওয়াজেদ পুতুলের পাঁচ বছর, শেখ রেহানার সাত বছর ও টিউলিপের দুই বছরের কারাদণ্ড হয়।