পদোন্নতি পেয়ে সচিব হলেন ৩ কর্মকর্তা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
সরকারের তিনজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব রফিকুল হকের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির পর তাদের মধ্য থেকে দুজনকে দুই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম।
প্রজ্ঞাপনে মিজানুর রহমানকে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সাইদুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এবং আলতাফ-উল-আলমকে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।





