আইপিএল নিলামের আগেই বাদ ৯ ক্রিকেটার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০২৫, ৬:২৮ অপরাহ্ণ
আগামী মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবিতে আইপিএল মিনি নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের ঠিক আগে চূড়ান্ত তালিকা থেকে ৯ জন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে।
শনিবার এই সিদ্ধান্তের পর থেকেই বিষয়টি নিয়ে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও জল্পনা। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএল নিলামের জন্য এক হাজারেরও বেশি ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। সেখান থেকে গত সপ্তাহে ৩৫০ জনের একটি প্রাথমিক সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়। পরে আরও নয়জন ক্রিকেটার যুক্ত করে তালিকা বাড়িয়ে ৩৫৯ জন করা হয়।
কিন্তু নিলামের ঠিক আগে সেই তালিকা থেকে ৯ জনকে বাদ দেওয়া হয়। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে ছয়জন ভারতীয় ও তিনজন বিদেশি।
ভারতীয় ক্রিকেটাররা হলেন মনি সরকার, মুরা সিং, চামা মিলিন্দ, কেএল শ্রীজিত, স্বস্তিক চিকারা, রাহুল রাজ নামালা ও বিরাট সিং। বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার ভিরানদীপ সিং, দক্ষিণ আফ্রিকার পেসার ইথান বোশ এবং অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্রিস গ্রিন।
সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়ার পরও কেন শেষ মুহূর্তে এই ৯ জন ক্রিকেটারকে বাদ দেওয়া হলো, এনিয়ে আইপিএল কর্তৃপক্ষের নীরবতা ক্রিকেটপ্রেমীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।





