নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ১২:৫২ অপরাহ্ণ

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পাবনায় এটি তার পঞ্চম সরকারি সফর।
শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে হেলিকপ্টারে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সকালে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন।
দুপুরে গোরস্তান মাদ্রাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করবেন রাষ্ট্রপতি। তার পরে পাবনা সার্কিট হাউসে ফিরে বিশ্রাম শেষে সন্ধ্যায় শহরের বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক (সাবেক জুবিলী ট্যাঙ্ক) সংলগ্ন নিজ বাড়িতে যাবেন।
পরে সার্কিট হাউসে বন্ধু ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার পর সার্কিট হাউসে রাতযাপন করবেন। পরদিন রোববার (৯ নভেম্বর) ঢাকায় বঙ্গভবনে ফিরে যাবেন রাষ্ট্রপতি।
এর আগে ২০২৩ সালের ১৫ মে ও ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালের ১৬ জানুয়ারি ও ৯ জুন নিজ জেলায় এসেছিলেন মো. সাহাবুদ্দিন।





