মহারাসলীলা উদযাপনে প্রস্তুত কমলগঞ্জ
কমলগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২৫, ৪:২০ অপরাহ্ণ
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মণিপুরি মহারাসলীলা আর এক দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বুধবার (৫ নভেম্বর) শুরু হতে যাওয়া এই উৎসব উদযাপনে এরই মধ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি।
আয়োজকরা জানান, কার্তিকের পূর্ণিমা তিথিকে সামনে রেখে এদিন উপজেলার মাধবপুর ও আদমপুর– এ দুটি এলাকার পৃথক দুটি স্থানে হবে মণিপুরিদের এবারের রাসলীলা উৎসব। এ উপলক্ষে দুই এলাকাতেই বসবে মেলা। রাসলীলা উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন। মণিপুরি গ্রামগুলোতে এখন সাজসাজ রব।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদযাপন নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মূল আয়োজনের মহড়া চলছে এখন। সেখান থেকেই প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।
মণিপুরি অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে গিয়ে দেখা যায়, গোষ্ঠলীলা বা রাখালনৃত্য এবং রাসনৃত্যের মহড়া চলছে সেখানে। জেলার মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম এই উৎসব উপলক্ষে উপজেলার মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৩তম এবং আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের ৪০তম মহারাস উৎসব হতে চলেছে এবার।
উৎসবস্থল মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা বা রাখালনৃত্য। রাতে জোড় মণ্ডপে রাসের মূল প্রাণ মহারাসলীলা। এ ছাড়া মণিপুরি রাসোৎসব উপলক্ষে বুধবার বিকেল ৫টা ও সন্ধ্যা ৬টায় মণিপুরি ললিতকলা একাডেমি মিলনায়তনে মণিপুরি থিয়েটারের আয়োজনে নুংশিপি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অপরদিকে উৎসবস্থল আদমপুরেও থাকবে যথারীতি রাখালনৃত্য ও রাসলীলা। তবে মণিপুরি বিষ্ণুপ্রিয়া ও মণিপুরি মৈতৈ আলাদা স্থানে আয়োজন করলেও উৎসবে ভাটা পড়বে না।
মণিপুরি ললিতকলা একাডেমির উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রভাস চন্দ্র সিংহ জানান, মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র মণিপুরে প্রথম এই রাসমেলা প্রবর্তন করেছিলেন। মণিপুরের বাইরে ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে প্রথম মহারাস উৎসব অনুষ্ঠিত হয়। রাস উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এক মাস আগ থেকেই চলছে প্রস্তুতি।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, রাস উপলক্ষে পাড়ায় পাড়ায় প্রস্তুতি চলছে। প্রতি বছরের মতো ঐতিহ্য ও ধর্মীয় ভাবধারায় মাধবপুর জোড়া মণ্ডপে ১৮৩তম মহারাসলীলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সিলেট সংবাদ/আবির





