সিলেটের আওয়ামীলীগ নেতাকে ঢাকা থেকে অপহরণ, তিনদিন পর ছেড়ে দেয়া হলো
সিকডে
প্রকাশিত হয়েছে : 15 December 2024, 7:17 PM
সিলেটের এক আওয়ামলীগ নেতাকে ঢাকা থেকে অপহরণের তিনদিন পর ছেড়ে দিয়েছে অজ্ঞাতরা। আর এ ঘটনায় আতংক দেখা দিয়েছে সিলেটের আওয়ামীলীগ নেতাদের মাঝে। নির্যাতিত আওয়ামী লীগ নেতা হচ্ছেন সিলেট জেলা জজ আদালতের সাবেক এপিপি ও কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান চৌধূরী।তিনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সদস্য।
জানা গেছে, গত ১২ ডিসেম্বর ঢাকার হাইকোর্টে জরুরী মামলার কাজে সিলেট থেকে ট্রেনযোগে ঢাকায় যান জেলা আওয়ামীলীগ নেতা ও জেলা জজ আদালতের সাবেক এপিপি শাহজাহান চৌধুরী।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতি শাহজাহান চৌধুরী রেল স্ট্রেশন থেকে কিছুদূর যাবার পর সাদা পোষাকধারী একদল যুবক তাকে একটি কালো রঙের গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার পরিবার পরিজন বার বার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। ফলে তার কোনো সন্ধান না পেযে পরদিন তার বন্ধু অ্যাডভোকেট মিন্টু ঢাকার পল্টন থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং-৩৪২
এদিকে, ঘটনার তিন দিন পর গত ১৫ ডিসেম্বর ভোরে তাকে যাত্রাবাড়ি ফ্লাই ওভারের কাছে ফেলে রেখে যায় অপহরণকারীরা। সেখান থেকে তিনি ফোনে যোগাযোগ করেন তার ঢাকার আইনজীবী বন্ধু মিন্টু চৌধুরীর সঙ্গে। মিন্টু তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান।
এ সময় শাহজাহান চৌধুরী জানান, অপহরণকারীরা তিনদিনই তাকে নির্যাতন করেছে এবং সিলেটের আওয়মীলীগ নেতাদের অবস্থানের কথা জিজ্ঞেস করেছে। তাদের নির্যাতনে তিনি খুবই ক্লান্ত বলেও জানান। খবর পেয়ে তার স্ত্রী সন্তানরা গতকালই ঢাকায় ছুটে যান।
শাহজাহান চৌধুরীর স্ত্রী হাসেনা বেগম গণ মাধ্যমকে জানিয়েছেন, তার স্বামীর উপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। ফলে তিনি কিছুটা ভেঙে পড়েছেন। সুস্থ হবার পর তারা বিস্তারিত জানাবেন। বিষয়টি তারা পল্টন থানা পুলিশকে অবগত করেছেন।
সিকডে/হ




