গাজায় স্কুলে ইসরায়েলি হামলায় নিহত ৫০
সিকডে
প্রকাশিত হয়েছে : 05 December 2023, 11:56 AM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডটির উত্তরাঞ্চলে পৃথক দুটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। হামলার শিকার এই স্কুল দুটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন।
ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার (৪ ডিসেম্বর) গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় এ হামলা চালানো হয়। খবর রয়টার্সের।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা হামলার প্রতিবেদনটি খতিয়ে দেখছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলি বিমান ও আর্টিলারি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর।
এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন এবং তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আন্তর্জাতিক/হান্নান




