গাজায় নিহত ছাড়াল ১১ হাজার, সাড়ে ৪ হাজারের বেশিই শিশু
সিকডে
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ণগাজায় গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি আক্রমণে নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে শিশু নিহত হয়েছে কমপক্ষে চার হাজার ৫০৬ জন। শুক্রবার (১০ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ১১ হাজার ৭৮ জনে পৌঁছেছে বলে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে।
ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে শিশুর সংখ্যাই ৪ হাজার ৫০৬ জন। এছাড়া নিহতদের মধ্যে ৩ হাজার ২৭ জন নারী এবং ৬৭৮ জন বৃদ্ধ রয়েছেন। ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন আরো ২৭ হাজার ৪৯০ জন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে ইসরায়েলের আক্রমণে ও দেশটির সঙ্গে সংঘাতে প্রায় পাঁচ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছিলেন।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছিল, হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া নিহতদের এ সংখ্যা কিছুটা সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলেছে, নিহতের এ সংখ্যা বিশ্বাসযোগ্য।
আন্তর্জাতিক/হান্নান






