তামিম-ফারুকি ইস্যু, যা বললেন হাথুরুসিংহ
সিকডে
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০২৩, ৫:৩৮ অপরাহ্ণ
তামিম ইকবালের ব্যাটিং পজিশন পরিবর্তন করতে চাওয়া নিয়ে সমস্যার জেরে বিশ্বকাপই খেলা হলো না এই অভিজ্ঞ ওপেনারের।
তামিমের ব্যাটিং পজিশন পরিবর্তনের কথা ফাঁস হওয়ার পরই গুঞ্জন উঠেছিল ফজল হক ফারুকিকে সামলানোর জন্যই হয়তো আফগানিস্তানের বিপক্ষে তামিমের ব্যাটিং অর্ডার পরিবর্তনের কথা উঠেছিল।
সেই প্রশ্নের সম্মুখীন এবার হলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। তিনি কৌশলেই এড়িয়ে গেছেন প্রশ্নটি।
আফগান পেসার ফারুকির বিপক্ষে তামিম ইকবালের তিক্ত অভিজ্ঞতা রয়েছে আগে থেকেই। এর মধ্যে আবার বিসিবি থেকে তামিমকে প্রস্তাব দেওয়া হয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে না খেলার অথবা ম্যাচটিই না খেলার জন্য।
কেন তামিমকে এমন প্রস্তাব দেওয়া হলো তা খুঁজতে গিয়ে বারবারই উঠে এসেছে ফারুকির বোলিং। অনেকেই যুক্তি দেখিয়েছেন, তামিম ফারুকির বলে অস্বস্তি বোধ করেন বলেই এমন সিদ্ধান্ত।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের কোচ হাথুরুসিংহে। তাকেও করা হয় তামিম-ফারুকি ইস্যুতে প্রশ্ন। তবে এই প্রশ্নের উত্তর দিতে রাজি হননি হাথুরুসিংহে। বরং তিনি বলছেন, এটি একটি অদ্ভুত প্রশ্ন।
তামিমের বিষয়টি এড়িয়ে গেলেও হাথুরু বলেছেন, যে বোলারই ভালো বোলিং করবে তাকেই সম্মান করে খেলবে বাংলাদেশ। ভালো বল দেখেই ব্যাটিং করবেন টাইগাররা।
হাথুরুসিংহে বলেন, ‘এটা একটা অদ্ভুত প্রশ্ন৷ আপনি এমন একজনের ব্যাপারে প্রশ্ন করছেন যে এখানে নেই। হ্যাঁ, ফারুকি ভালো বোলার। সে ভালো করছে গত দুয়েক বছর ধরে। যেই ভালো বল করবে আমরা তাদের সম্মান করেই খেলব।’
ক্রীড়াঙ্গন/আবির





