বাংলাদেশ-ফ্রান্স ২ সমঝোতা স্মারক সই
সিকডে
প্রকাশিত হয়েছে : 11 September 2023, 3:43 PMবাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট এবং বাংলাদেশের নগর অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) করোবি হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে সমঝোতা স্বাক্ষর ও বিনিময় হয়।
সমঝোতা স্মারক দুইটি হলো- বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ফ্রান্সের ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সির (এফডিএ) মধ্যে ‘ইমপ্রুভিং আরবান গভর্ন্যান্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম’ বিষয়ে একটি ক্রেডিট–সুবিধা চুক্তি এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এবং ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এসএএসের মধ্যে বঙ্গবন্ধু-২ আর্থ অবজারভেশন স্যাটেলাইট সিস্টেম–সম্পর্কিত সহযোগিতার বিষয়ে লেটার অব ইনটেন্ট (এলওআই)।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পৌঁছান ঢাকা সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় প্রবেশ করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দুই নেতা।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ফ্রান্স আমাদের অবকাঠামোগত উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আমাদের নিশ্চিত করেছে। বাংলাদেশের কৌশলগত সুরক্ষা অবকাঠামো বিনির্মাণে উন্নত ও বিশেষায়িত কারিগরি সহায়তা প্রদানে ফ্রান্স আগ্রহ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা উভয়েই আশাবাদী। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে আমার সার্বিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশটির ভূমিকা প্রশংসনীয়।
জাতীয়/হান্নান





